ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে, ২ লাখ ৩৯ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৫:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শনিবার সকাল ১১টায় সদর হাসপাতালের মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যাম্পেইন সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে সুরক্ষার আওতায় আনতে সরকার জাতীয় পর্যায়ে এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। ক্যাম্পেইনের আওতায় প্রতিটি শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সারাদেশের মতো ফরিদপুর জেলাতেও এই কার্যক্রম চলবে। জেলার ২ হাজার ৬৯৩টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পূর্বে টিকা গ্রহণ করলেও ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা অতিরিক্ত এক ডোজ টিকা পাবে। নিয়মিত ইপিআই কার্যক্রমে ৯ ও ১৫ মাস বয়সে টিকা দেওয়া হলেও এই অতিরিক্ত ডোজ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াবে। তবে দুই ডোজের মধ্যে ন্যূনতম ২৮ দিনের ব্যবধান বজায় রাখতে হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।
এ বছর ফরিদপুর জেলায় মোট ২ লাখ ৩৯ হাজার ৭৫৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯টি উপজেলা, ৭৯টি ইউনিয়ন, ২৩৭টি ওয়ার্ড এবং ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, “এই ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি ও অপপ্রচার রোধের মাধ্যমে আমরা হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে চাই।”
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে