সর্বশেষ

সারাদেশ

বোয়ালমারীতে জমি বিরোধে সংঘর্ষ: বিএনপির অস্থায়ী কার্যালয়সহ দোকান–বাড়িতে হামলা, আহত ১৫

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও একাধিক দোকান–বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চরপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্যার ২১ দশমিক ৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ওই জমির একটি অংশ দখল করে দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা ও তার অনুসারীরা ২০২০ সালে পাকা স্থাপনা নির্মাণ করেন। এ নিয়ে একাধিক মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সম্প্রতি বিরোধ নিষ্পত্তির জন্য একটি সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও চেয়ারম্যান পক্ষ সেখানে উপস্থিত হয়নি। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংশ্লিষ্ট স্থাপনায় তালা লাগিয়ে দেন। এর জেরে শনিবার বিকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, এরপর চেয়ারম্যান পক্ষের সমর্থকরা চরপাড়া বাজার এলাকায় গিয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালায় এবং ভাঙচুর করে। পাশাপাশি ছিরু মাতুব্বরের সার বিক্রির দোকান, জাহিদুল ইসলামের বাড়ি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়।

স্থানীয়রা দাবি করেন, শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেয়। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিল্লাল হোসেন মোল্যা বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও তিনি জমির দখল পাননি এবং বর্তমানে জমিটি চেয়ারম্যান পক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন।

অন্যদিকে দোকান মালিক ছিরু মাতুব্বর অভিযোগ করেন, তার সার বিক্রির দোকান ভাঙচুর করা হয়েছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা বলেন, তার বাড়িতে তালা দেওয়া হয়েছে এবং তার লোকজনকে উসকানি দেওয়া হয়েছে। বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ তিনি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) আজম খান জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন