ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু, মোটরসাইকেল চালক হাসপাতালে
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর সদরের গুহ লক্ষীপুর এলাকায় মেরিন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ সরকার (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে মেরিন ইন্সটিটিউট সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উপাসনা ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেলে (রাজবাড়ি-হ-১১-৩৫৩০) করে উপাসনাকে নিয়ে টেপাখোলা রিয়ো পেট্রোলপাম্প থেকে জ্বালানি নিয়ে বেরিবাঁধ হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথে মেরিন ইন্সটিটিউটের সামনে পৌঁছে ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০)-কে ওভারটেক করার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন।
আহত আকাশ সরকার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি ট্রাকের চালক হোসেন মোল্লা (১৯)-কে হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১১৬ বার পড়া হয়েছে