বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ, দেশে বাড়ানো হয়েছে সীমিতভাবে: মন্ত্রী
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেল আমদানিতে সরকারকে অতিরিক্ত দুই বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম প্রায় দ্বিগুণ হলেও জনগণের কষ্ট বিবেচনায় সরকার দেশে তেলের দাম সীমিতভাবে বাড়িয়েছে।
আজ রবিবার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি মন্ত্রী জানান, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে দাম ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণ। এতে সরকারের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবুও জনগণের স্বস্তি বিবেচনায় সেই অনুপাতে দাম বৃদ্ধি করা হয়নি।
তিনি আরও বলেন, সরকার ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সরকার অতিরিক্ত ব্যয়ের বোঝা বহন করছে এবং সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।
উল্লেখ্য, আজ রবিবার (১৯ এপ্রিল) থেকে দেশব্যাপী নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রলের দাম লিটারপ্রতি ১৯ টাকা এবং অকটেনের দাম ২০ টাকা বাড়ানো হয়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে প্রতি লিটার অকটেনের দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকা।
এছাড়া কেরোসিনের দামও বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি লিটার কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
১৩৫ বার পড়া হয়েছে