জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘আত্মঘাতী সিদ্ধান্ত’— মোমিন মেহেদী
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৩:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বল্পমেয়াদি সরকারের এমন সময়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত দেশ ও জনগণের জন্য আত্মঘাতী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে এবং পরিবহন খাতে অস্থিরতা সৃষ্টি হবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।
রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর তোপখানা রোডের বিজয় মিলনায়তনে জাতীয় শ্রমিকধারার উদ্যোগে আয়োজিত ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধি আত্মঘাতী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মো. বাবুল মিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত ও সদস্য আমজাদ হোসেন সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোমিন মেহেদী তার বক্তব্যে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না; বরং তা কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ইতোমধ্যেই নাজুক অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, সরকারের পাশাপাশি বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর কর্মকাণ্ড দেশের সংকটকে আরও ঘনীভূত করছে। এই অবস্থায় সহিংসতা, মিথ্যা মামলা, খুন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপস্থিত নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে বাস্তব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
১২০ বার পড়া হয়েছে