সর্বশেষ

রাজনীতি

মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় ক্ষোভ, নাগরিক সমাজের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
স্টাফ রিপোর্টার, মেহেরপুর

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরের মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কোনো কর্মসূচি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শুক্রবার বিকেলে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

এ সময় নাগরিক সমাজের প্রতিনিধি দলটির সদস্য, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও লেখক আবু সাইদ খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা ক্ষমতায় আসেন, তারা যদি এ দিবসে যথাযথ সম্মান না জানান, তা গ্রহণযোগ্য নয়। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

তিনি আরও বলেন, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে ভাঙচুর হওয়া ভাস্কর্যগুলো দ্রুত পুনঃস্থাপন করতে হবে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট সকল দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের দাবি জানান তিনি।

এ বিষয়ে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ‘অস্থায়ী সরকার’ শব্দটি তাদের নিজস্ব নয়, বরং তৎকালীন গণমাধ্যমে ব্যবহৃত হয়েছিল। তিনি বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্যই এ সরকার গঠিত হয়েছিল এবং এর নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদিও তিনি তখন অনুপস্থিত ছিলেন।

তিনি মুজিবনগরে মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বিষয়টি নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে, শুক্রবার সকাল ৯টায় মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

এছাড়া বিকেল ৩টায় ঢাকাভিত্তিক ‘নাগরিক সমাজ’ নামের আরেকটি সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন