সর্বশেষ

গণমাধ্যম

খোলা বাজারে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর
স্টাফ রিপোর্টার, শরীয়তপুর

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি ফিলিং স্টেশনে খোলা বাজারে ড্রামে করে জ্বালানি তেল বিক্রির ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কাশিমপুর এলাকার মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। হামলার শিকার হন দৈনিক ইনকিলাবের ভেদরগঞ্জ উপজেলা সংবাদদাতা জাহিদ হাসান টিপু এবং তাকে রক্ষা করতে গিয়ে লাঞ্ছিত হন দৈনিক সমকালের প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ফিলিং স্টেশনে কয়েকটি ড্রামে তেল ভরে খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। এ সময় ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ শুরু করেন দুই সাংবাদিক। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন পাম্প মালিক ফারুক মাদবর। অভিযোগ রয়েছে, তার ভাতিজা জামান মাদবরসহ কয়েকজন মিলে সাংবাদিক জাহিদ হাসান টিপুর ওপর হামলা চালান। পরে তাকে বাঁচাতে গেলে আশিকুর রহমান হৃদয়কেও লাঞ্ছিত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে ভুক্তভোগী সাংবাদিক ফারুক মাদবর ও জামান মাদবরের বিরুদ্ধে সখিপুর থানায় অভিযোগ দায়ের করেন।

জাহিদ হাসান টিপু জানান, দীর্ঘদিন ধরে ওই পাম্পে তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ ছিল। ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন, অপেক্ষমাণ যানবাহনকে তেল না দিয়ে ড্রামে অকটেন ভরা হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করলে পাম্প মালিক তা প্রশাসনের তেল বলে দাবি করেন, তবে নির্দিষ্ট কোনো দপ্তরের নাম উল্লেখ করতে পারেননি। ভিডিও ধারণ করায় ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

আশিকুর রহমান হৃদয় বলেন, “পাম্প কর্তৃপক্ষ তেল প্রশাসনের বলে দাবি করলেও সেটি কোথায় যাবে তা স্পষ্ট করেনি। বিষয়টি ধারণ করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়।”

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল বাসার। তিনি বলেন, “সাংবাদিকরা অনিয়ম তুলে ধরতে গিয়ে হামলার শিকার হচ্ছেন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।” দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নুরুল আমিন রবিনও ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

সখিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন