সালথায় আধিপত্য বিস্তার নিয়ে রাতভর সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর; আহত অন্তত ২০
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাত থেকে শুরু হয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বসতবাড়ি, এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিয়া গট্টি এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপি সমর্থিত জাহিদ মাতুব্বরের অনুসারীদের সঙ্গে একই এলাকার নুরু মাতুব্বরের সমর্থকদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে জাহিদ মাতুব্বরের পক্ষের আরিফ মাতুব্বরকে প্রতিপক্ষের লোকজন ভ্যান থেকে নামিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায় এবং জাহিদ মাতুব্বরের সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর শুরু হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পুরো এলাকা টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়ার ময়দানে।
সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি বসতঘর ভাঙচুর করা হয়। একই সঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে গরু লুটের অভিযোগও উঠেছে। স্থানীয়রা জানান, পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে পুরো এলাকা আতঙ্কে অন্ধকারে ডুবে থাকে।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
১২০ বার পড়া হয়েছে