সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশালের গৌরনদীতে প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির ঘটনায় প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।
গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, মো. হানিফ সরদার, উত্তম দাস, সহ-সাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, কাজী আল-আমিন, সোলায়মান তুহিন, লিটন খান, এএস মামুন, তারেক মাহমুদ আলীসহ আরও অনেকে।
এছাড়া গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু এবং বাবুগঞ্জের সাংবাদিক মো. আলিম মোল্লাও বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, একজন অভিজ্ঞ সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হত্যার হুমকি দেওয়া শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, এটি গণমাধ্যমের স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত।
তারা আরও অভিযোগ করেন, তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার একজন সিনিয়র সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া একটি পরিকল্পিত অপচেষ্টার অংশ, যা মন্ত্রীকে বিতর্কিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো হুমকিদাতাকে শনাক্ত বা গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
বক্তারা বলেন, দেশে অতীতে সাংবাদিক নির্যাতন ও হত্যার বহু ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে আছে, ফলে অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে।
এ সময় তারা সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, এর আগেও একই প্রেসক্লাবের সদস্য মো. নাসির উদ্দিনকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় গ্রেপ্তারকৃত এক ব্যক্তিকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদকে ঘিরে নতুন করে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন সাংবাদিকরা।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নেতৃবৃন্দও।
১৯৯ বার পড়া হয়েছে