দেশের ১০ জেলায় ক্রীড়া পল্লী স্থাপনের উদ্যোগ: মোংলায় প্রতিমন্ত্রী
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, সারাদেশে খেলাধুলার প্রসার ঘটাতে ইতিমধ্যে সব উন্মুক্ত মাঠ উদ্ধার কার্যক্রম শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ১০টি জেলায় ১০টি ক্রীড়া পল্লী নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব ক্রীড়া পল্লীর মধ্যে একটি স্থাপিত হবে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের পাশে। এর মাধ্যমে স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলায় সম্পৃক্ত হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মোংলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বালুর মাঠে আয়োজিত ৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের নতুন স্লোগান—খেলা হোক পেশা, পরিবার পাক ভরসা।” খেলাধুলার প্রসার ঘটলে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন। মোংলার তরুণদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনের আগে তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মরহুম হাজী কাওসার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, ফাউন্ডেশনের পরিচালক হুমায়ন কবিরসহ স্থানীয় প্রশাসন, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক দর্শক।
উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, ৬টি শক্তিশালী দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যা স্থানীয় প্রতিভা অন্বেষণ ও তরুণদের ক্রিকেটে আগ্রহ বাড়াতে সহায়ক হবে।
১৩০ বার পড়া হয়েছে