হিলিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৪:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮২)-এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলার বৈগ্রাম গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে নিজ গ্রামে আহলে হাদিস ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে সেখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুম আব্দুল হক হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, পাঁচ কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১২৩ বার পড়া হয়েছে