সর্বশেষ

জাতীয়

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও।

প্রায় দেড় মাস ধরে দেশে জ্বালানি তেল নিয়ে এক ধরনের সংকট পরিস্থিতি চলার পর অবশেষে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে।

এর আগে সর্বশেষ ১ ফেব্রুয়ারি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমানো হয়েছিল, যা মার্চ ও এপ্রিল মাসজুড়ে অপরিবর্তিত ছিল।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পায়। এর প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে ওঠে।

এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অনেকের অভিযোগ, চাহিদা অনুযায়ী জ্বালানি পাওয়া যাচ্ছে না। তবে সরকার বলছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং নিয়মিত সরবরাহ অব্যাহত আছে। আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এদিকে সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি মজুত করছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশব্যাপী অভিযান চালিয়ে ইতোমধ্যে পাঁচ লাখ লিটারের বেশি অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের স্বার্থ বিবেচনায় যতদিন সম্ভব দাম বাড়ানো থেকে বিরত থাকার চেষ্টা করা হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে অবশেষে মূল্য সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, দেশের জ্বালানি তেলের দাম এখন ‘স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী প্রতি মাসে সমন্বয় করা হয়।

এর আগে, গত ৭ এপ্রিল বিমানে ব্যবহৃত জ্বালানি তেল (জেট ফুয়েল)-এর দামও বৃদ্ধি করা হয়। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা নির্ধারণ করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসক মুক্ত) নির্ধারণ করা হয়।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন