বিপুল জনসমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোঃ শেখ সাদীর অভিনন্দন
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন এবং বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শেখ সাদী।
এক বিবৃতিতে তিনি বলেন, এই ঐতিহাসিক বিজয় দেশের জনগণের প্রত্যাশা, আস্থা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সুস্পষ্ট বহিঃপ্রকাশ। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে রায় দিয়েছে, তা দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র, উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের পথে আরও এগিয়ে যাবে।
মোঃ শেখ সাদী বলেন, বর্তমান সময়ে জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা, তা পূরণে দক্ষতা, সততা ও দূরদর্শী নেতৃত্ব অপরিহার্য। তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, দেশের এই পরিবর্তনের মুহূর্তে সকল রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের উচিত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে কাজ করা। গণতন্ত্রকে শক্তিশালী করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
মোঃ শেখ সাদী, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, রিহ্যাবের ডিরেক্টর এবং এশিউর গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে তিনি বলেন, দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার দৃঢ় পদক্ষেপ নেবে—এটাই সবার প্রত্যাশা।
২৭২ বার পড়া হয়েছে