উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম সরবরাহে হাইকোর্টের নির্দেশ
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাপে কামড়ে মৃত্যু রোধে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম ভ্যাকসিন সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে এই নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে দাখিল করতেও বলা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে রুলসহ এই আদেশ দেন।
রিটটি দায়ের করেন আইনজীবী একেএম নুরুন নবী উজ্জ্বল। তিনি নিজেই আদালতে শুনানি করেন এবং তাকে সহায়তা করেন আইনজীবী মো. ইসমাঈল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।
গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন যুক্ত করে ১৭ আগস্ট রিটটি করেন রিটকারী আইনজীবী। পরদিন শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেয়।
আদেশের পর নুরুন নবী উজ্জ্বল সাংবাদিকদের জানান, “দেশের বিভিন্ন উপজেলায় সাপে কামড়ে মৃত্যুর ঘটনা নিয়মিতই ঘটছে। এসব ক্ষেত্রে সময়মতো অ্যান্টিভেনম পাওয়া না যাওয়ায় অনেক রোগী মারা যাচ্ছেন। উপজেলা পর্যায়ে ভ্যাকসিনের এই সংকট নিরসনে জনস্বার্থে আমরা রিট দায়ের করি।”
৫০৮ বার পড়া হয়েছে