সিমন্সের বিদায় নিয়ে ভাবছে বিসিবি, আলোচনায় নতুন কোচ
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ দল। মাঠের ব্যর্থতার প্রভাব পড়তে শুরু করেছে কোচিং স্টাফের ভবিষ্যৎ নিয়েও। প্রধান কোচ ফিল সিমন্সের কাজে সন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি অংশ। চলমান দক্ষিণ আফ্রিকা সফর শেষেই তাঁর দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে আলোচনা চলছে। এরই মধ্যে নতুন কোচ খোঁজার প্রক্রিয়াও শুরু করেছে বোর্ড। সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রটসহ আরও কয়েকজন।
বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না। গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ডারউইন টেস্টের পর তিন সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়হীন রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট সিরিজে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। দলের এমন ধারাবাহিক ব্যর্থতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে বিসিবির চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে যেতে হতে পারে তাঁকে।
ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশিত জবাবদিহিতা আদায় করতে না পারার অভিযোগও উঠেছে সিমন্সের বিরুদ্ধে। ফলে কোচ হিসেবে তাঁর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন বোর্ডের নীতিনির্ধারকদের কেউ কেউ।
কয়েক দিন আগে বিসিবি সভাপতি তামিম ইকবালের বক্তব্যেও কোচ পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তিনি বলেছিলেন, ‘সামনে অনেক কিছুই দেখা যেতে পারে।’ এরপর থেকেই সিমন্সের দায়িত্বে পরিবর্তন আসার আলোচনা আরও জোরালো হয়েছে।
টেস্ট ক্রিকেটে সিমন্সের অধীনে বাংলাদেশের কিছু সাফল্য থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। সীমিত ওভারের ক্রিকেটেও প্রত্যাশা পূরণ করতে পারছে না দল। সব মিলিয়ে প্রধান কোচের দায়িত্বে পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিসিবি।
এদিকে নতুন প্রধান কোচ খোঁজার কাজও ভেতরে ভেতরে শুরু করেছে বোর্ড। এ নিয়ে কয়েকজনের সঙ্গে প্রাথমিক আলোচনা এগিয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রট। এ ছাড়া পাকিস্তানের সাবেক এক কোচ এবং শ্রীলঙ্কার সাবেক এক কিংবদন্তি অধিনায়কের নামও আলোচনায় রয়েছে।
ড্রেসিংরুমের শৃঙ্খলা ও খেলোয়াড়দের জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর মানসিকতার একজন কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। বোর্ডের একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘কোচ ইস্যুতে সবকিছুই সভাপতি (তামিম ইকবাল) দেখছেন। কারণ তাঁর বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে। সবার সঙ্গে যোগাযোগ ভালো, যে কারণে প্রধান কোচ বা ব্যাটিং কোচ—সবকিছুই তিনি দেখছেন। ট্রটের কথা আমিও শুনেছি। বাকিটা সময় বলবে।’
তবে নতুন কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ফিল সিমন্সই দায়িত্বে থাকবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। অন্যদিকে বিশ্বকাপের আগে কোচ পরিবর্তন করলে তা দলের পারফরম্যান্সে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, সেই প্রশ্নও রয়েছে।
এদিকে দীর্ঘ বিরতির পর আগামীকাল শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় অন্যান্য আলোচ্যসূচির পাশাপাশি জাতীয় দলের প্রধান কোচ পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
১০৫ বার পড়া হয়েছে