জমি বিরোধে ধান কাটতে গিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামের এক ধান কাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিহতের স্বজনদের বিরুদ্ধে অভিযুক্ত পক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
নিহত ফরহাদ মোল্যা ছায়মানার-চর গ্রামের গফুর মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের হাসান মৌলভী ও একই বংশের দাউদ মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিটি হাসান মৌলভীর দখলে থাকায় সেখানে তিনি আমন ধানের আবাদ করেন।
শুক্রবার সকালে হাসান মৌলভীর পরিবারের সদস্যরা কয়েকজন শ্রমিক নিয়ে ওই জমিতে ধান কাটতে যান। এ সময় দাউদ মোল্যার পক্ষের লোকজন জমিতে গিয়ে ধান কাটতে বাধা দেন। একপর্যায়ে তাঁরা শ্রমিকদের ওপর হামলা চালান। হামলার মুখে শ্রমিকেরা জমি থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে ফরহাদ মোল্যাকে মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাজারের এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
নিহত ফরহাদ মোল্যার স্ত্রী মোছা. আলিছা বলেন, সংসারে অভাব-অনটন থাকায় কিছু টাকা উপার্জনের আশায় সকালে শ্রমিকের কাজে গিয়েছিলেন তাঁর স্বামী। এভাবে তাঁকে হত্যা করা হবে, তা তিনি কল্পনাও করেননি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলে ঢাকায় থাকেন। মেয়েটি ছোট। স্বামীর মৃত্যুর পর এখন সংসারের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ ওই জমিতে ১৪৪ ধারা জারি ছিল। জমির ধান কাটাকে কেন্দ্র করেই ফরহাদকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের উপযুক্ত বিচার হওয়া উচিত। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য তিনি সেখানে এসেছেন।
হত্যাকাণ্ডের পর নিহতের স্বজনেরা অভিযুক্ত পক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন বলে জানা গেছে।
১১৪ বার পড়া হয়েছে