বিদেশ থেকে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের অতীত ইতিহাস রয়েছে। তবে দেশের মানুষ তাদের কোনোভাবেই সফল হতে দেবে না। বাংলাদেশে পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তনের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসায় আয়োজিত বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে। এটি তাদের অতীত কর্মকাণ্ডেরই ধারাবাহিকতা। তবে দেশের মানুষ তাদের সেই চেষ্টা সফল হতে দেবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। এ দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন ফিরে আসতে পারবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরাধীনতাকামী ও সেবাদাস কোনো পতিত শক্তি আবার রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে সে বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে। এ প্রশ্নে সারা বাংলাদেশের নাগরিকেরা একমত রয়েছেন, ইনশা আল্লাহ।
গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের আলাদা আদর্শ ও মতপার্থক্য থাকবে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রে তর্ক-বিতর্ক থাকাই স্বাভাবিক। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও প্রতিষ্ঠা করতে হবে।
সেই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী ও স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
তিন দিনব্যাপী এই বার্ষিক আয়োজনে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নেন। শুক্রবার ছিল আয়োজনের দ্বিতীয় দিন। এদিন সভাস্থলে ধর্মপ্রাণ মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়।
১১৯ বার পড়া হয়েছে