মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতাই তাঁদের সেরা করেছে: গার্দিওলা
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ এক দশকের বেশি সময় বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তীব্র প্রতিযোগিতাই তাঁদের সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচের মতে, দুজনের মধ্যে এমন প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তাঁদের ক্যারিয়ার হয়তো এত দীর্ঘ ও সাফল্যমণ্ডিত হতো না।
বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত দ্বৈরথ মেসি ও রোনালদোর। দীর্ঘ সময় ধরে নিজেদের নৈপুণ্য ও সাফল্য দিয়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন এই দুই মহাতারকা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে খেলার সময় তাঁদের প্রতিদ্বন্দ্বিতা বিশেষ মাত্রা পায়। দুজনের ঝুলিতে রয়েছে মোট ১৩টি ব্যালন ডি’অর।
ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিওর সঙ্গে এক আলাপচারিতায় মেসি-রোনালদোর এই প্রতিযোগিতা নিয়ে কথা বলেন গার্দিওলা। তাঁর মতে, একে অপরের পারফরম্যান্সের দিকে নজর রাখতেন দুজনই। প্রতিপক্ষের সাফল্য তাঁদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাত।
গার্দিওলা বলেন, ‘আমার মনে হয় তারা দুজনই একে অপরকে দারুণভাবে সাহায্য করেছে। মেসির সামনে যদি ক্রিশ্চিয়ানো না থাকত, কিংবা ক্রিশ্চিয়ানোর সামনে মেসি, তাহলে হয়তো তাদের ক্যারিয়ার আরও সংক্ষিপ্ত হতো। কিন্তু তারা সবসময় একে অপরকে নজরে রাখত। অন্যজন কী করছে তা দেখে তাদের মনে হতো: আমি ওর চেয়ে ভালো হতে চাই, ওর চেয়ে বেশি জিততে চাই।’
রোনালদোকে কখনো কোচিং করানোর সুযোগ না হলেও পর্তুগিজ তারকার মানসিকতা ও খেলার সামর্থ্যের প্রশংসা করেছেন গার্দিওলা। তাঁর ভাষায়, ‘সে (রোনালদো) আরেকজন লড়াকু যোদ্ধা, যে জেতা এবং নিজেকে প্রমাণ করা ছাড়া আর কিছুই ভাবে না। ডান পা, বাঁ পা কিংবা হেড—সব দিক থেকেই সে অসাধারণ।’
অন্যদিকে, বার্সেলোনায় চার মৌসুম মেসিকে কোচিং করিয়েছেন গার্দিওলা। তাঁর অধীনে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপা জেতে বার্সেলোনা।
মেসির অনুশীলন ও পারফরম্যান্সের ধারাবাহিকতা নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন গার্দিওলা। তিনি বলেন, ‘মেসি! যখন আপনার দলে এত ভালো খেলোয়াড় থাকবে, তখন আপনি নিজেও ভালো হয়ে উঠবেন। চার বছরের কোচিংয়ে আমি তাকে একদিনও অনুশীলন মিস করতে দেখিনি। প্রতি তিন দিন পরপর তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করার মতো ধারাবাহিকতা আর কারও নেই।’
গার্দিওলার মতে, মেসি ও রোনালদোর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা তাঁদের নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে অনুপ্রাণিত করেছে। আর সেই তাড়নাই তাঁদের বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
১২৮ বার পড়া হয়েছে