মোংলায় পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে প্রাণনাশের হুমকির অভিযোগ
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলায় জাহাজের কাজে মজুরি ও পুরোনো মালামাল বিক্রির পাওনা ১৩ হাজার ৭০০ টাকা না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রিন্স (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দিনমজুর মো. মনা (২৮) মোংলা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মনা মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডোবা কলোনি এলাকার বাসিন্দা। তিনি নান্টু হাওলাদারের ছেলে। পেশায় দিনমজুর মনা প্রায় এক মাস আগে পরিচিত ব্যক্তি প্রিন্সের মাধ্যমে জাহাজের ফ্যান্টরের কাজে যুক্ত হন। অভিযুক্ত প্রিন্স মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা।
মনার অভিযোগ, জাহাজের কাজে দায়িত্ব পালন এবং পুরোনো মালামাল বিক্রির বাবদ প্রিন্সের কাছে তাঁর ১৩ হাজার ৭০০ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন ধরে পাওনা টাকা চাইতে গেলে প্রিন্স আজ-কাল করে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর নম্বরও ব্লক করে দেওয়া হয়।
পরে কোনো উপায় না পেয়ে মনা বিষয়টি অভিযুক্তের প্রতিষ্ঠানের মালিককে জানান। এতে ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে প্রিন্স মুঠোফোনে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় পাওনা টাকা পরিশোধ না করার পাশাপাশি ভবিষ্যতে টাকা চাইলে মারধর, জখম এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন মনা।
মোংলা থানার দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) কেয়া লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী মো. মনা বলেন, ‘আমি একজন অসহায় দিনমজুর। কষ্ট করে উপার্জন করা ১৩ হাজার ৭০০ টাকা আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। উল্টো আমাকে হুমকি দেওয়া হয়েছে। পাওনা টাকা ফেরত ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছি। মুঠোফোনে দেওয়া হুমকির রেকর্ডও সংরক্ষণ করেছি।’
পাওনা টাকা উদ্ধার এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই দিনমজুর।
১৬১ বার পড়া হয়েছে