চাঁদা না পেয়ে খুলনায় দুই প্রতিষ্ঠানে গুলি
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা নগরীর লবণচরা থানা এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে একটি তুষকাঠ মিল ও একটি চানাচুর কারখানায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে রূপসা সেতু এলাকার হঠাৎ বাজারে পৃথক এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খুলনার লবণচরা থানা এলাকায় চাঁদা না দেওয়ায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রূপসা সেতু এলাকার হঠাৎ বাজারে এ ঘটনা ঘটে। মাত্র এক দিনের ব্যবধানে একই এলাকায় আবারও দুটি প্রতিষ্ঠানে গুলির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠ মিলের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের প্রধান। মিলের মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোরে ওই চক্রের সদস্যরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।
একই চক্রের বিরুদ্ধে হঠাৎ বাজারের পাশে অবস্থিত শামসুর রহমানের চানাচুর কারখানার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। দাবিকৃত টাকা না পেয়ে শুক্রবার ভোরে চক্রটির দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় তারা।
ঘটনার সময় ভোর হওয়ায় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। ফলে দুটি প্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত হননি। তবে পরপর দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ জানান, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভয়ে কেউ মুখ খুলছেন না বলেও জানান তিনি।
ওসি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১০৬ বার পড়া হয়েছে