শিশু-কিশোরদের ব্যাডমিন্টন সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি। একই সঙ্গে শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং হাতে তুলে দেন ব্যাডমিন্টন খেলার সামগ্রী।
এ সময় শিশুরা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, তা জানতে চান প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন তিনি।
একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।
১১৯ বার পড়া হয়েছে