চাঁপাইনবাবগঞ্জে গানপাউডার ও ককটেলসহ দুই ভাই গ্রেপ্তার
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫৫০ গ্রাম গানপাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. জুয়েল (৩০) ও তাঁর ভাই মো. নাইমকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে সদর থানায় দায়ের করা একটি মামলার প্রধান আসামি মো. জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর কাছে অবৈধ বিস্ফোরক দ্রব্য গানপাউডার ও ককটেল মজুত রাখার তথ্য পাওয়া যায়।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকায় অভিযান চালায় সদর থানার পুলিশের একটি বিশেষ দল। এ সময় জুয়েলের দেখানো স্থান থেকে ১ কেজি ৫৫০ গ্রাম গানপাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তাঁর সহযোগীদের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ২টা ৫ মিনিটে বারোঘড়িয়া বাজার এলাকা থেকে তাঁর ভাই মো. নাইমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জুয়েল ও নাইম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম গ্রামের বাসিন্দা। তাঁরা দানেশ ঘোষের ছেলে। পুলিশ জানিয়েছে, জুয়েলের বিরুদ্ধে এর আগে বিভিন্ন অপরাধে ১৯টি মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪, ৫ ও ৬ ধারায় মামলা করা হয়েছে। সদর থানার মামলা নম্বর ৪৪, তারিখ ২৭ নভেম্বর ২০২৬।
পুলিশ আরও জানায়, শুক্রবার গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে