সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: অজ্ঞাত ৫ হাজার জনকে মামলা 

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ নষ্ট ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের আরও সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি নিউটন মোল্লা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি। অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু)। এ ছাড়া আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় দলটি।

পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় বিজিবির পক্ষ থেকে তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারের ভাষ্য অনুযায়ী, হামলার সময় বিজিবির একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।

মামলায় বলা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে নষ্ট হয়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার ও ফগ লাইট এবং একটি পিকআপের সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সব মিলিয়ে আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০