পোয়ামুহুরী সীমান্তে বিজিবি'র বিনামূল্যে চিকিৎসাসেবা
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলীকদমের দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ১০০ জনের বেশি নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের নেতৃত্বে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসকারী বিভিন্ন বয়সী মানুষ ক্যাম্পে এসে চিকিৎসা নেন। এ সময় রোগীদের শারীরিক সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি এবং পারস্পরিক আস্থা আরও জোরদার হবে বলে আশা করছে সংস্থাটি।
বিজিবি আরও জানায়, পর্যায়ক্রমে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য বিওপি এলাকার সীমান্তবর্তী জনপদেও এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বিজিবি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১১৭ বার পড়া হয়েছে