খাগড়াছড়িতে ৭শ' টন চাল বরাদ্দে বৈষম্যের অভিযোগ
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১১:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে ৭২০ মেট্রিক টন চাল বরাদ্দ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বরাদ্দের তালিকায় জাতিগত বৈষম্য, প্রকল্পের বাস্তবতা এবং উপকারভোগী নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, বরাদ্দের প্রায় ৯৫ শতাংশ পেয়েছে একটি সম্প্রদায়। অন্যদিকে বাঙালিসহ অপর তিন সম্প্রদায়ের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৫ শতাংশ। এ ছাড়া তালিকাভুক্ত কয়েকটি প্রকল্প ও সংগঠনের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।
খাগড়াছড়িতে সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা প্রকাশের পর পাহাড়জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে বরাদ্দের ক্ষেত্রে জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন বঞ্চিত জনগোষ্ঠীর অনেকে।
স্থানীয়দের অভিযোগ, খাগড়াছড়ি জেলার মোট জনসংখ্যার প্রায় ৫২ শতাংশ বাঙালি এবং চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের সম্মিলিত জনসংখ্যা প্রায় ৪৮ শতাংশ। অথচ বরাদ্দের তালিকায় সুবিধাভোগী হিসেবে মারমা সম্প্রদায়ের ৫৭ জন, চাকমা সম্প্রদায়ের ১৭ জন, ত্রিপুরা সম্প্রদায়ের ৩ জন এবং বাঙালি সম্প্রদায়ের মাত্র ৩ জনের নাম রয়েছে। এ কারণে বরাদ্দের ন্যায্যতা ও বণ্টনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা একটি বরাদ্দপত্রে এ তথ্য পাওয়া গেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো ওই চিঠিতে ২০২৬-২০২৭ অর্থবছরে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় জেলা পরিষদের অনুকূলে ৭২০ মেট্রিক টন চাল বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। তালিকায় বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যক্তি ও সংগঠনের নামে একাধিক প্রকল্পের বিপরীতে এই চাল বরাদ্দ দেখানো হয়েছে।
বরাদ্দের তালিকা পর্যালোচনা করে কয়েকটি প্রকল্পের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তি ও সংগঠনের নামে বিভিন্ন প্রকল্পে চাল বরাদ্দ দেওয়া হলেও সংশ্লিষ্ট এলাকার অনেক বাসিন্দা এসব প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না।
এর একটি উদাহরণ হিসেবে ইটছড়ি উচ্চবিদ্যালয়ের পাশে যাত্রীছাউনি নির্মাণ প্রকল্পের কথা উল্লেখ করা হচ্ছে। ওই প্রকল্পের জন্য ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ স্থানীয়দের দাবি, সেখানে আগে থেকেই যাত্রীছাউনি রয়েছে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, রিতা চাকমার নামে প্রকল্পটির বরাদ্দ অনুমোদন করা হলেও তিনি নিজেই প্রকল্পটির বিষয়ে জানেন না বলে জানিয়েছেন।
বরাদ্দের তালিকায় কোনো কোনো ব্যক্তির নামে একাধিক প্রকল্পের বিপরীতে চাল দেওয়ার তথ্যও পাওয়া গেছে। এসব প্রকল্পে কোথাও ১০ মেট্রিক টন, কোথাও ২০ মেট্রিক টন এবং কোনো কোনো ক্ষেত্রে একই ব্যক্তির নামে একাধিক প্রকল্প মিলিয়ে সর্বোচ্চ ৮০ মেট্রিক টন পর্যন্ত চাল বরাদ্দ রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ, কৃষি ও মৎস্য প্রকল্প, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে খাগড়াছড়ি জেলায় ‘কুমারী টিলা’ নামে কোনো গ্রাম না থাকলেও বরাদ্দের তালিকায় ওই এলাকার একটি প্রকল্পের বিপরীতে মো. জাহাঙ্গীর আলমের নামে ২০ মেট্রিক টন চাল বরাদ্দের তথ্য রয়েছে। এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তালিকায় উল্লেখ করা কয়েকটি ব্যক্তি, সংগঠন ও এলাকার নাম ব্যবহার করে প্রকল্প দেখানো হলেও সংশ্লিষ্ট এলাকার মানুষ সেসব সম্পর্কে অবগত নন। কোনো কোনো সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কার্যালয়, সদস্যসংখ্যা এবং বাস্তব অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।
এ পরিস্থিতিতে বরাদ্দের চাল প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। প্রকল্প নির্বাচন, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়নযোগ্যতা এবং বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অনুসরণ করা নীতিমালা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
তাঁদের প্রশ্ন, আবেদনকারীদের প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছিল কি না, প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা যাচাই করা হয়েছে কি না এবং একই ব্যক্তির নামে একাধিক প্রকল্পে চাল বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা কী?
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, একটি চিহ্নিত গোষ্ঠী এসব খাদ্যশস্য লোপাট করেছে বলে তাঁদের অভিযোগ। তাঁরা প্রতিটি প্রকল্পের বাস্তবতা যাচাই, সংশ্লিষ্ট সংগঠনের নিবন্ধন ও কার্যক্রম পরীক্ষা এবং বরাদ্দ করা চালের পূর্ণাঙ্গ হিসাব নিরীক্ষার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখার সহকারী সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘আপনি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেন। আমি কিছু বলতে পারব না।’
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কাউকে এক ছটাক খাদ্যশস্য বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে না। এ বরাদ্দগুলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের। এখানে জেলা পরিষদের সংশ্লিষ্টতা নেই।’
তবে স্থানীয় সচেতন বাসিন্দাদের দাবি, খাদ্যশস্য বরাদ্দের তালিকা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকেই মন্ত্রণালয়ে পাঠানো হয়। বরাদ্দ পেতে তদবিরেরও অভিযোগ রয়েছে। সে ক্ষেত্রে প্রকল্প প্রস্তাব পাঠানো এবং বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগের দায় জেলা পরিষদ এড়াতে পারে না বলে মনে করছেন তাঁরা।
সচেতন মহলের মতে, পাহাড়ের দুর্গম এলাকার দরিদ্র মানুষের উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু প্রকল্পের নামে বরাদ্দ করা খাদ্যশস্যের যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হবেন। তাই বরাদ্দের তালিকা, প্রকল্পের বাস্তবতা এবং চাল বিতরণের পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে যাচাই করা প্রয়োজন।
১৬৮ বার পড়া হয়েছে