লীগের নেত্রী 'আঙ্কেল' ডাকায় কষ্ট পেলেন ওসি ফয়জুল, অডিও ফাঁস
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৯:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে সনিকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে নিজের বাসায় আসতে বলার পাশাপাশি দুই লাখ টাকা ঘুষ নেওয়া এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার প্রসঙ্গেও কথা বলতে শোনা যায়।
ফাঁস হওয়া অডিওতে ওসি ফয়জুল আজিম নোমানকে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে যুব মহিলা লীগ নেত্রী তাসকিরা তানিন সনিকে দ্রুত তাঁর বাংলোতে আসতে বলতে শোনা যায়।
এ সময় ওসি তাঁকে বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
জবাবে কোনো সমস্যা হবে কি না, তা জানতে চান তাসকিরা তানিন সনি। তখন ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে সনি তাঁকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে ওসিকে মনঃক্ষুণ্ন হতে শোনা যায়।
এ ছাড়া অডিওতে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায়।
জানা গেছে, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসি ও তাঁর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওটি ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তাসকিরা তানিন সনি। তিনি দাবি করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে থাকা অবস্থায় ওসি তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেছেন। এ ছাড়া তাঁকে আলিঙ্গন করার অনুরোধও জানিয়েছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তারের জন্য তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
১৪০ বার পড়া হয়েছে