টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার একটি আদালত তাঁর সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
রাজধানীর নিউ মার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক ইরফান খান আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন।
আজ বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশি পাহারায় তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তদন্ত কর্মকর্তা রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার গভীর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ডিবি কর্মকর্তাদের দাবি, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ রয়েছে। এ ছাড়া অন্তত পাঁচটি নির্যাতনকেন্দ্র পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল। এর মধ্যেই তিনি দেশ ছাড়ার চেষ্টা করেন বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।
পুলিশ ও মামলার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে সুইডেন আসলামের উত্থান ঘটে। নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে তাঁর নাম আলোচনায় আসে।
বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে ২২টি মামলা হয়েছিল। এর মধ্যে নয়টি ছিল হত্যা মামলা। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তাঁর সাজা হয়। ১৯ বছরের বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৩ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।
মামলার বিবরণ অনুযায়ী, টিটন ২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর চলতি বছরের ২৮ এপ্রিল রাত ১১টার দিকে নিউ মার্কেট থানার আওতাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তাঁকে গুলি করা হয়।
এ ঘটনায় গুরুতর আহত টিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন ২৯ এপ্রিল তাঁর ছোট ভাই রিপন বাদী হয়ে নিউ মার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
১০৬ বার পড়া হয়েছে