সর্বশেষ

আইন-আদালত

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। নোটিশে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের ছয়টি গুরুত্বপূর্ণ দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের প্রাপকদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে তাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য। তাঁর সদস্যপদ নম্বর ৬২০২। নোটিশে তিনি উল্লেখ করেছেন, এই উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা শেখ হাসিনার পক্ষে বা বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারায় রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার যে দায়িত্বের কথা বলা হয়েছে, সেই সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি নিরপেক্ষভাবে নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।

নোটিশদাতার আশঙ্কা, প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশের একজন সাবেক সরকারপ্রধানের দীর্ঘদিন অবস্থানের কারণে এসব সংবেদনশীল তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এর ফলে দুই দেশের সম্পর্কের অবনতি এমনকি সামরিক সংঘাতের মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।

এ প্রসঙ্গে নোটিশে ইয়েমেন ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর তাঁর দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ এবং দেশটিতে আঞ্চলিক সংঘাতের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে।

একইভাবে ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর সৃষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেনের দীর্ঘস্থায়ী সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এ ধরনের বৈরিতা বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে কয়েকটি কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম ধাপে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে।

ওই পত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী শেখ হাসিনার আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি তুলে ধরে তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সহযোগিতা চাওয়ার প্রস্তাব রয়েছে।

এরপর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ উল্লেখ করে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক অলঙ্ঘনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, হাইকমিশনে প্রবেশের পর শেখ হাসিনা বাংলাদেশ সরকারের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ও প্রশিক্ষিত দল হাইকমিশন প্রাঙ্গণের ভেতরে তাঁকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নেবে।

দেশে ফেরানোর জন্য নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমতিপত্র দেওয়ার প্রস্তাবও রয়েছে। হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাঁকে দেশে আনার কথা বলা হয়েছে। পুরো যাত্রায় বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন নোটিশদাতা।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর তাঁর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত তাঁর পৈতৃক বাসভবনকে বিশেষ সাব-জেল বা উপকারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিতে পারে। ঢাকায় বিমান অবতরণের পর জনশৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি তাঁকে টুঙ্গিপাড়ার প্রস্তাবিত উপকারাগারে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

নোটিশে শেখ হাসিনার বিচারিক অধিকার এবং আপিলের সুযোগের বিষয়টিও তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার উল্লেখ করে বলা হয়েছে, দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকা অবস্থায় তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন।

ওই আইনের ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী, দণ্ডাদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করার সময়সীমা রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখানো সাপেক্ষে বিলম্ব মার্জনার আবেদন বিবেচনা করে আপিল শুনানির জন্য গ্রহণ করার বিচারিক ক্ষমতা আপিল বিভাগের রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সচল রাখার জন্য ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের কথা বলা হয়েছে। এতে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়িয়ে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে নোটিশে মত দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, সব আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পর সংশ্লিষ্ট আদালতের দেওয়া রায় ও আদেশ সরকারকে নিরপেক্ষভাবে কার্যকর করতে হবে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবিধান অনুযায়ী প্রত্যেকের আইনি অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে তাঁকে লিখিতভাবে অবহিত করার দাবি জানিয়েছেন।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, গোপনীয়তা এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত অধিকার রক্ষার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০