সাবেক খতিব রুহুল আমিন পাঁচ দিনের রিমান্ডে
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। হত্যা চেষ্টা, মারধর, চুরি ও ভাঙচুরের অভিযোগে পল্টন মডেল থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর আলোচনায় এসেছিলেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের স্কটের মাধ্যমে তাঁকে আদালতে হাজির করা হয়। মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পরিদর্শক মো. হাবিবুর রহমান তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষের ঘটনায় তাঁর ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না এবং অপরাধ সংঘটনে আর্থিক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে চায় সিআইডি। এ ছাড়া সংঘর্ষে নেতৃত্বদানকারী ও অন্য আসামিদের পরিচয়, ঘটনার পেছনের পরিকল্পনা এবং আহত ব্যক্তিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের দায় নির্ধারণের বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থা।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ৫ আগস্টের পর রুহুল আমিনও পালিয়ে গিয়েছিলেন। তাঁর পরিবর্তে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আবু সালেহ পাটোয়ারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, ঘটনার দিন আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করার সময় রুহুল আমিন ওলামা লীগের কয়েকজন সদস্যকে নিয়ে মসজিদে প্রবেশ করেন। এ সময় তাঁর লোকজন ইমামকে টেনে-হিঁচড়ে মিম্বার থেকে নামিয়ে মাইক কেড়ে নেন। মিম্বারে বসে খুতবা পাঠের সময় রুহুল আমিনের নির্দেশে মামলার বাদীকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
পিপি আরও বলেন, বাদী জিয়াউর রহমান একজন আলেম ও ওই মসজিদের মুসল্লি ছিলেন। আসামিরা পাঞ্জাবি ও আলখাল্লার ভেতরে রড নিয়ে মসজিদে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। হামলায় বাদী গুরুতর আহত হন এবং তাঁর চোখে আঘাত লাগে। মসজিদেও ভাঙচুর করা হয়। এসব বিষয়ে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে জানান তিনি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নাসিরুল হুদাসহ কয়েকজন রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। তাঁরা রাষ্ট্রপক্ষের অভিযোগ অস্বীকার করে বলেন, রুহুল আমিন পলাতক ছিলেন না। ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন এবং হৃদ্রোগে আক্রান্ত। সেদিন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি চলে যান। ইসলামিক ফাউন্ডেশন তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল বলেও দাবি করেন তাঁরা।
আসামিপক্ষের আইনজীবীরা আরও বলেন, মামলায় উল্লেখ করা অভিযোগ ও ধারাগুলো রুহুল আমিনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি একজন বড় মাপের আলেম এবং তাঁর বাবা উপমহাদেশের বিশিষ্ট আলেম শামসুল হক ফরিদপুরী। ঘটনাটি প্রায় তিন বছর আগের হলেও এত দিন তাঁকে কিছু বলা হয়নি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তাঁরা।
রুহুল আমিনের পক্ষে আরেক আইনজীবী বলেন, তিনি সব সময় জামায়াতের বিরুদ্ধে সরব ছিলেন। এ কারণে কিছু মানুষ তাঁর পেছনে লেগেছে।
এর জবাবে পিপি বলেন, এই মামলার অনেক আসামি জামিন নিয়েছেন। কিন্তু রুহুল আমিন এত দিন জামিন নিতে আদালতে আসেননি। ওয়ারেন্টভুক্ত কোনো আসামি আদালতে হাজির না হলে তাঁকে পলাতক হিসেবে বিবেচনা করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায় করতে প্রবাসফেরত ব্যবসায়ী মাওলানা জিয়াউর রহমান বায়তুল মোকাররম মসজিদে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করার সময় রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তাঁরা ইমামকে মিম্বার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আঘাত করেন এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, উপস্থিত মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে মামলার ২ নম্বর আসামি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখের নিচে গুরুতর জখম হয় এবং ডান চোখের দৃষ্টিশক্তি হারান তিনি। আসামিদের মারধরে বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। এ ছাড়া বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগও করা হয়েছে। মামলায় রুহুল আমিনকে এক নম্বর আসামি করা হয়।
১২৫ বার পড়া হয়েছে