সর্বশেষ

জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব মালিকপক্ষের, অঙ্ক প্রকাশ হয়নি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে, তা প্রকাশ করেনি নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের সভায় মালিকপক্ষের প্রস্তাবটি আপাতত গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে মালিকপক্ষের দেওয়া প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরে। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এর আগে গত সভায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল শ্রমিকপক্ষ।

সোমবার বিকেল পৌনে পাঁচটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের সদস্যরা। এ সময় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষ তাদের ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়েই প্রস্তাবগুলো পর্যালোচনা করবে। এরপর দুই পক্ষ চাইলে সংশোধিত প্রস্তাব দিতে পারবে।

তিনি আরও জানান, সোমবারের সভা চলমান থাকবে। প্রয়োজনে মঙ্গলবারও সভা অনুষ্ঠিত হতে পারে।

মালিকপক্ষের প্রস্তাবের বিষয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

সোমবার বেলা পৌনে ১২টায় মজুরি বোর্ডের সভা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।

এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন। শ্রমিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম।

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।

ওই প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে বাবুল আখতার বলেন, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তাঁরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

এর আগে গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে পরিমাণ মজুরি দাবি করেছে, মালিকপক্ষ তার অর্ধেক বা তারও কম প্রস্তাব দিয়েছে। পরে দুই পক্ষের দর-কষাকষির মাধ্যমে প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি চূড়ান্ত হয়েছে।

সর্বশেষ ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন। এর বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব করেছিল ১০ হাজার ৪০০ টাকা, যা শ্রমিকপক্ষের দাবির প্রায় অর্ধেক।

মালিকপক্ষের ওই প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে পরদিন থেকেই আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। টানা তিন সপ্তাহের আন্দোলনে রাসেল হাওলাদার, ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের চার শ্রমিক নিহত হন। পরে শ্রমিকদের আন্দোলনের মুখে মালিকপক্ষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত ওই প্রস্তাবই চূড়ান্ত হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০