সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা, বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ নেতা আশরাফ আলী (৫৮) হত্যার ঘটনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) নিহত আশরাফ আলীর ছেলে মো. ইয়াকুব আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

নিহত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। এনায়েতপুর থানায় দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর বুধবার রাত ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় মোটরসাইকেলে করে এসে এজাহারভুক্ত আসামিসহ ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে পাঁজরে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যান।

পরে আশরাফ আলীকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোররাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ছেলে মো. ইয়াকুব আলী বাবার হত্যার বিচার চেয়ে থানায় মামলা করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রামের রইস উদ্দিন বেপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামারগ্রামের কলেজপাড়া এলাকার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনামিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫) এবং গোপরেখী গ্রামের মো. ইয়াহিয়া (৩২)।

মামলার বাদী ইয়াকুব আলী অভিযোগ করেন, মামলা না করার জন্য হত্যাকাণ্ডের পর থেকেই আসামিপক্ষের লোকজন তাঁদের পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। তিনি বলেন, পরিবারের সদস্য ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরপরাধ তাঁর বাবার হত্যার বিচার চান তাঁরা।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহায়মিনুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০