ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের কারণে সৃষ্ট পরিস্থিতি থেকে কীভাবে দেশকে উত্তরণ করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে বিভিন্ন উদ্বেগের বিষয় তুলে ধরেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে বর্তমান পরিস্থিতির পেছনের কারণগুলোও তুলে ধরা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত থেকে আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্য কিংবা জুলাইয়ের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, ঐক্যের প্রক্রিয়ায় যেন সংস্কার একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকে, সে আহ্বান জানিয়েছে এনসিপি।
১১০ বার পড়া হয়েছে