হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিয়মিত ছবি, ভিডিও ও বিভিন্ন নথি আদান-প্রদানের কারণে স্মার্টফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপেও জমে থাকে অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল। তবে অ্যাপটির ‘ম্যানেজ স্টোরেজ’ সুবিধা ব্যবহার করে সহজেই জানা যায়, কোন ফাইল কতটুকু জায়গা দখল করছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফোনের স্টোরেজও খালি করা যায়।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপগুলোর একটি হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত ও কাজের প্রয়োজনে প্রতিদিনই অ্যাপটির মাধ্যমে ছবি, ভিডিও, নথি ও অন্যান্য ফাইল আদান-প্রদান করেন ব্যবহারকারীরা। দীর্ঘদিন এসব ফাইল জমতে থাকলে ফোনের স্টোরেজে চাপ তৈরি হয়। ফলে নতুন অ্যাপ ইনস্টল করা কিংবা ছবি ও ভিডিও সংরক্ষণ করতে সমস্যা হতে পারে।
ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে রয়েছে ‘ম্যানেজ স্টোরেজ’ সুবিধা। এর মাধ্যমে অ্যাপটি কতটুকু জায়গা ব্যবহার করছে, কোন চ্যাটে বেশি ফাইল জমেছে এবং বড় ফাইলগুলো কী কী, তা সহজেই জানা যায়।
হোয়াটসঅ্যাপ কতটুকু জায়গা নিচ্ছে দেখবেন যেভাবে
প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর পর্দার ওপরের ডান পাশে থাকা তিনটি ডট মেনুতে চাপ দিয়ে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে। সেখান থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে গিয়ে ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করলেই হোয়াটসঅ্যাপের ব্যবহৃত স্টোরেজের পরিমাণ দেখা যাবে।
এ ছাড়া নির্দিষ্ট কোনো চ্যাট কতটুকু জায়গা দখল করে আছে, সেটিও পরীক্ষা করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট চ্যাট খুলে ওপরে থাকা চ্যাটের নামের ওপর চাপ দিতে হবে। এরপর ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করলে ওই চ্যাটে থাকা মিডিয়া ফাইলগুলোর তালিকা পাওয়া যাবে। ফাইলগুলো আকার অনুযায়ী বড় থেকে ছোট ক্রমে সাজানো থাকবে।
অপ্রয়োজনীয় ফাইল মুছবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করতে প্রথমে ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ এবং এরপর ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যেতে হবে। সেখান থেকে নির্দিষ্ট চ্যাট বা চ্যানেল নির্বাচন করে অপ্রয়োজনীয় ফাইলগুলো চিহ্নিত করতে হবে।
একাধিক ফাইল একসঙ্গে মুছতে চাইলে ‘সিলেক্ট অল’ অপশন ব্যবহার করা যাবে। ফাইল নির্বাচন শেষে ‘ডিলিট’ বাটনে চাপ দিলেই সেগুলো মুছে যাবে।
তবে ফাইল মুছে ফেলার আগে সতর্ক থাকা জরুরি। কারণ এভাবে মুছে ফেলা ফাইল স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে এবং সংশ্লিষ্ট চ্যাট থেকে পরে সেগুলো আবার ডাউনলোড করা সম্ভব নাও হতে পারে। এ ছাড়া নিজের অ্যাকাউন্ট থেকে ফাইল মুছে ফেললেও চ্যাটের অন্য সদস্যদের কাছে সেগুলো থেকে যাবে।
সার্চ করেও মুছতে পারবেন ফাইল
নির্দিষ্ট কোনো ছবি, ভিডিও কিংবা নথি খুঁজে বের করতে হোয়াটসঅ্যাপের চ্যাট তালিকার ওপরের সার্চ সুবিধা ব্যবহার করা যায়। পছন্দের ফাইলটি খুঁজে বের করে সেটি খুলতে হবে। এরপর ডিলিট অপশন নির্বাচন করে ফাইলটি মুছে ফেলা যাবে।
মনে রাখতে হবে, একই ফাইলের একাধিক কপি ফোনে সংরক্ষিত থাকলে স্টোরেজ পুরোপুরি খালি করতে প্রতিটি কপি আলাদাভাবে মুছতে হবে।
১৮৯ বার পড়া হয়েছে