সর্বশেষ

জাতীয়

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ৩০তম বার্ষিক সাধারণ সভা

ভুল-ত্রুটি কাটিয়ে আরও সুশৃঙ্খলভাবে কাজ করার তাগিদ শেখ সাদীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ উপলক্ষে গঠিত প্রস্তুতি কমিটির মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এবারের বার্ষিক সাধারণ সভার সফলতা ও সীমাবদ্ধতা পর্যালোচনা করে ভবিষ্যতে আরও সুশৃঙ্খল, সুন্দর ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া ভবনের অফিস কক্ষে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এজিএম প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম।

সভায় বক্তব্য দেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ সাদী; সমিতির উপদেষ্টা, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আখতারুজ্জামান (কাজল) মাজমাদার; মহাসচিব মো. আবুল হোসেন, সাবেক সভাপতি মো. আকতার-উজ-জামান, নির্বাহী সদস্য সনজিত কুমার বিশ্বাস, উপদেষ্টা শামীম রেজা পল্টু, যুগ্ম মহাসচিব মো. আশরাফুল ইসলাম লাইজু, মো. আনোয়ার হোসেন, অর্থ সচিব মো. ইকবাল মহসীন, প্রচার সচিব শফিউদ্দিন জোয়ার্দ্দার, যুগ্ম দপ্তর সচিব মো. জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সচিব মো. শামসুজ্জামান ইবনে আজিজ (আরিফ), নির্বাহী কমিটির সদস্য মুন্সী তরিকুল ইসলাম এবং উপ-কমিটির সদস্য রনজক রিজভী।

সভায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি মো. শেখ সাদী বলেন, এবারের ৩০তম বার্ষিক সাধারণ সভা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও আয়োজনে কিছু ভুলত্রুটি ও অব্যবস্থাপনা ছিল। এসব বিষয়কে ইতিবাচকভাবে চিহ্নিত করে আগামী দিনের কার্যক্রমে তা কাটিয়ে উঠতে হবে।

তিনি বলেন, ‘এবারের আয়োজনের অনেক সফলতা আছে, আবার কিছু ক্ষেত্রে ব্যর্থতাও রয়েছে। আমাদের সবার দায়িত্ব হচ্ছে সফল দিকগুলো ধরে রেখে যেসব জায়গায় দুর্বলতা ছিল, সেগুলো সংশোধন করা। আগামী দিনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অব্যবস্থাপনা না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

শেখ সাদী বলেন, কুষ্টিয়া জেলা সমিতি শুধু একটি সামাজিক সংগঠন নয়; এটি কুষ্টিয়ার মানুষের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সংগঠনের সঙ্গে যুক্ত সবাইকে নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রেখে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘আমরা সবাই কুষ্টিয়ার মানুষ। আমাদের প্রত্যেকের পরিচয়ের সঙ্গে কুষ্টিয়ার নাম জড়িয়ে আছে। তাই কুষ্টিয়ার মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। সংগঠনের কোনো কার্যক্রম যেন কারও মধ্যে বিভেদ বা অসন্তোষ সৃষ্টি না করে, বরং সবাইকে আরও কাছে নিয়ে আসে—সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেকোনো বড় আয়োজনের আগে দায়িত্ব বণ্টন, সমন্বয়, যোগাযোগ ও ব্যবস্থাপনায় আরও গুরুত্ব দিতে হবে। প্রত্যেক উপকমিটিকে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং মূল কমিটির সঙ্গে নিয়মিত সমন্বয় রাখতে হবে।

কুষ্টিয়ার মানুষের কল্যাণে সংগঠনের ভূমিকা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে শেখ সাদী বলেন, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। বিশেষ করে কুষ্টিয়ার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো জরুরি।

তিনি শিক্ষাবৃত্তির দ্রুত ব্যবস্থা করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, কুষ্টিয়ার শিক্ষার্থীদের জন্য সমিতির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হবে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের সহায়তা করা হলে ভবিষ্যতে তারা সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

শেখ সাদী বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। কুষ্টিয়ার মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা, অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই সংগঠনের অন্যতম দায়িত্ব।’

সভায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার উপদেষ্টা মো. আখতারুজ্জামান (কাজল) মাজমাদার বলেন, সংগঠনের প্রত্যেক সদস্যকে সহনশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এবারের ৩০তম বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে এবং সামগ্রিকভাবে অনুষ্ঠানটি প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, ‘এবার আমরা উৎসবের আমেজে একটি বড় আয়োজন সম্পন্ন করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের প্রশংসা করেছেন উপস্থিত সবাই। এটি আমাদের জন্য আনন্দের বিষয়। তবে এখানেই থেমে থাকলে চলবে না। আগামী দিনে আরও সুন্দর, পরিপাটি ও সুশৃঙ্খল আয়োজন করতে হবে।’

কাজল মাজমাদার বলেন, একটি সামাজিক সংগঠনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর সদস্যদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার মানসিকতা। তাই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কেউ যেন কষ্ট না পান বা নিজেকে অবহেলিত মনে না করেন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘আমাদের এমনভাবে কাজ করতে হবে, যাতে কেউ এই সংগঠনে এসে কষ্ট না পান। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যেন ব্যক্তিগত সম্পর্কের ওপর প্রভাব না ফেলে। সবাইকে সম্মান দিয়ে, সহনশীলতার সঙ্গে এবং পরস্পরের প্রতি আন্তরিক থেকে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, কুষ্টিয়া জেলা সমিতির কার্যক্রম শুধু ঢাকাকেন্দ্রিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কুষ্টিয়া জেলার মানুষের জন্য বাস্তবভিত্তিক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা প্রয়োজন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র মানুষের সহায়তা এবং সামাজিক উন্নয়নে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

কাজল মাজমাদার বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা কুষ্টিয়া জেলার মানুষের প্রতিনিধিত্ব করছি। তাই জেলার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সামাজিক কাজের প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে। কুষ্টিয়ার মানুষের প্রয়োজনে সংগঠনকে কার্যকরভাবে পাশে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, এবারের আয়োজনের অভিজ্ঞতা আগামী দিনের কার্যক্রমে কাজে লাগাতে হবে। কোথায় ভালো হয়েছে, কোথায় সমস্যা হয়েছে এবং কীভাবে আরও উন্নতি করা যায়—এসব বিষয় নিয়ে নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থ এবং কুষ্টিয়ার মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

সভায় বক্তারা ৩০তম বার্ষিক সাধারণ সভা আয়োজনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেন। একই সঙ্গে সমিতির শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বড় আয়োজনগুলোতে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় এজিএম প্রস্তুতি কমিটি ও বিভিন্ন উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান পরিচালনা করেন,  এজিএম প্রস্তুতি কমিটি ২০২৫ এর সদস্য সচিব ও  কু‌ষ্টিয়া জেলা সমি‌তি ঢাকা'র সহ সভাপতি এ্যাড. আব্দুল মজিদ বাবু।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০