ফরিদপুর জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়ম, সত্যতা পেয়েছে দুদক
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে নানা ধরনের অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাসপাতালের টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায়, চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের ব্যক্তিগত চেম্বারে পাঠানো এবং খাবারের পরিমাণ ও মানে অনিয়মের চিত্র উঠে এসেছে দুদকের এনফোর্সমেন্ট অভিযানে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পান দুদক কর্মকর্তারা।
দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালের টিকিট কাউন্টারে নির্ধারিত ৫ টাকার পরিবর্তে রোগীদের কাছ থেকে ১০ টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ সময় আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের উপস্থিতিতে কাউন্টারের টাকা গণনা করা হয়। এতে নির্ধারিত হিসাবের তুলনায় অতিরিক্ত অর্থ পাওয়া যায়।
এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না থাকার অভিযোগেরও আংশিক সত্যতা মিলেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সরকারি হাসপাতালের পরিবর্তে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে পাঠানোর অভিযোগও তদন্তে উঠে এসেছে। বিশেষ করে ডেন্টাল ওয়ার্ডের ডেন্টাল সার্জন সহকারীসহ হাসপাতালের অন্যান্য স্থানে এ ধরনের প্রবণতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
অভিযানের অংশ হিসেবে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা। সেখানে রোগীদের খাবার সরবরাহে উল্লেখযোগ্য অসংগতি পাওয়া যায়। ওই দিনের ডায়েট চার্ট অনুযায়ী, প্রত্যেক রোগীর জন্য ২০০ গ্রাম পাঙ্গাস মাছ বরাদ্দ থাকার কথা। তবে পরিমাপ করে দেখা যায়, রোগীদের জন্য সরবরাহ করা মাছের পরিমাণ মাত্র ৮০ গ্রাম।
চাল সরবরাহেও অনিয়মের চিত্র পাওয়া গেছে। হাসপাতালের জন্য ৯৬ টাকা কেজি দরে মিনিকেট চাল সরবরাহের কথা থাকলেও বস্তায় পাওয়া যায় কাজল লতা চাল। শুধু তা-ই নয়, চালের বস্তা ও রান্না করা ভাতের মধ্যেও পোকা পাওয়া গেছে বলে জানান কর্মকর্তারা।
অন্যদিকে হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন দুদকের কর্মকর্তারা। মহিলা মেডিসিন ওয়ার্ডে ওষুধ সংরক্ষণের স্থানটি অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। সেখানে অভিযানের সময় কুকুর ও বিড়ালকে শুয়ে থাকতেও দেখা যায়।
দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান, অভিযানে পাওয়া অনিয়মের তথ্যের পাশাপাশি পরবর্তী সময়ে সংগৃহীত তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হবে। এরপর বিস্তারিত প্রতিবেদন তৈরি করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
১১৫ বার পড়া হয়েছে