প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে জানান।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারের বছরব্যাপী কর্মসূচির বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি জানান, এ কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করা হবে। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলো চরম অবহেলার শিকার হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।
১৩৪ বার পড়া হয়েছে