ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় আকভান, সরানো হলো ৩ লাখ মানুষ
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান। ঘূর্ণিঝড়টির প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্যটি থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় কাজ করছে ৪২৩টি দল। পাশাপাশি প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)।
স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ওড়িশা রাজ্য থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণকাজের জন্য ৪২৩টি দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি রয়েছে।
শুক্রবার ভোরে আকভান শক্তিশালী ঘূর্ণিঝড়ের অবস্থান থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। তবে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য গতিপথেও পরিবর্তন এসেছে। শুরুতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে সম্ভাব্য আঘাতের এলাকা পরিবর্তিত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে সরে আসে।
১৩৫ বার পড়া হয়েছে