ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৈরী আবহাওয়া দেখা দিয়েছে। পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলের আকাশ ঘন মেঘে ছেয়ে যাওয়ার পাশাপাশি থামছে না হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শক্তিশালী ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ দিনের যেকোনো সময় এটি ভারতের অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করার পূর্বাভাস রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে, যার কারণে কুয়াকাটা সংলগ্ন সমুদ্র কিছুটা উত্তাল। উপকূলীয় এলাকা দিয়ে তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দর পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। একইসঙ্গে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে ও উপকূলের কাছাকাছি থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
মহিপুর গাজী ফিস-এর স্বত্বাধিকারী মো. মজনু গাজী জানান, সাগরে অবস্থানরত জেলে ও ট্রলার মালিকদের সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে বার্তা পাঠানো হয়েছে।
১১৪ বার পড়া হয়েছে