আইসিজের রায়ের পর রোহিঙ্গা শিবির পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার সকালে তিনি ৪ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রোহিঙ্গারা।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছান। এ সময় শরণার্থীশিবিরের রোহিঙ্গারা তাঁকে স্বাগত জানান।
সফরকালে রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। এ সময় রোহিঙ্গারা তাঁদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন বলে জানা গেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমন এক সময়ে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত।
২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া এ মামলাটি দায়ের করে। এতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়।
এ পরিস্থিতিতে আইসিজের রায় ঘোষণার পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১২০ বার পড়া হয়েছে