অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমির
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ছয় দিনের এই সফরে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফর অনুষ্ঠিত হবে। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এ ছাড়া দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন জামায়াতের আমির।
এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ছাড়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।
আগামী ২৬ নভেম্বর ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
১২৭ বার পড়া হয়েছে