বেলকুচিতে এনসিপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বাড়ির ফটকে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়ায় মাহিন সরকারের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
মাহিন সরকার জানান, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। তাঁর বাড়িতে অসুস্থ বাবা ও মা থাকেন। রাতের কোনো একপর্যায়ে বাড়ির ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ফটকে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
তিনি বলেন, বাড়ির ফটকে দাউ দাউ করে আগুন জ্বলছিল। স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করা হলেও সেটি দেয়ালে লেগে ফটকে আগুন ধরে যায়।
এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন মাহিন সরকার। তিনি বলেন, বিভিন্ন অনলাইন মাধ্যমসহ নানা উপায়ে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। এর ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন। বিষয়টি নিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
১০৯ বার পড়া হয়েছে