সর্বশেষ

জাতীয়

শুভ জন্মদিন

প্রধানমন্ত্রীর ৫৯তম জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন আজ ২০ নভেম্বর। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন। দিনটি ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও গত বছরের মতো এবারও কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা উৎসব না করার নির্দেশনা রয়েছে। তবে জন্মদিন উপলক্ষে সামাজিক, মানবিক ও ধর্মীয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন দলের নেতাকর্মীরা।
মায়ের কোলে আদরের বড় সন্তান তারেক রহমান

জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজন করা হয়েছে বিশেষ ‘বই উৎসব’। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে প্রতীকী ২০ টাকা মূল্যে বই বিতরণ করা হবে।

অন্যদিকে, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে।

তারেক রহমান ১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তাঁর ডাকনাম পিনো। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে যুক্ত হন তিনি। তবে এর আগেই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তারেক রহমান।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মায়ের সঙ্গে সারাদেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। ২০০১ সালের নির্বাচনেও খালেদা জিয়ার পাশাপাশি দেশব্যাপী প্রচারণা চালান। ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর দলের সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় হন তিনি।

দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন তারেক রহমান। বিএনপির মূল সংগঠনের পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল পর্যায়ে সভা-সমাবেশের আয়োজন করেন। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলের তরুণ নেতাকর্মীদের কাছে তিনি একজন সক্রিয় নেতা ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন।

তবে ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পটপরিবর্তনের সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হন তারেক রহমান। পরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখান থেকেই ধীরে ধীরে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় যুক্ত হন। একপর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের কাছেও আস্থার প্রতীক হয়ে ওঠেন তিনি। তবে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে উচ্চ আদালতের এক আদেশের মাধ্যমে তাঁর বক্তব্য ও বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল এবং ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে যুক্তরাজ্যে অবস্থান করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া গত এপ্রিলে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইমের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম জন্মদিন হওয়ায় এবারের দিনটি তাঁর রাজনৈতিক জীবনে বিশেষ তাৎপর্য বহন করছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০