সর্বশেষ

সারাদেশ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

স্টাফ রিপোর্টার, পাবনা
স্টাফ রিপোর্টার, পাবনা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের সপ্তম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি লরিতে করে জ্বালানিবাহী চালানটি বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছায়। উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দাশুড়িয়া ট্রাফিক মোড় অতিক্রম করে গাড়িগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ার নাগরিক ও কর্মকর্তারা গাড়িবহরকে স্বাগত জানান।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পুরো পথে সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

ইউরেনিয়ামের চালান পরিবহনের সময় নিরাপত্তার অংশ হিসেবে শুক্রবার সকাল সোয়া ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

এদিকে গত ১৭ নভেম্বর রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওইদিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে জাতীয় গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সফল সমন্বয় সম্পন্ন হয়। এ সময় বিদ্যুৎকেন্দ্রটিতে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ অর্জনকে দেশের জন্য ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া পুরো জাতির জন্য আনন্দের সংবাদ।

মন্ত্রী আরও জানান, পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে।

পরবর্তী সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্টদের আশা, দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারেও কেন্দ্রটি অবদান রাখবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০