ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ, যান চলাচল স্বাভাবিক করল ফায়ার সার্ভিস
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তদের ফেলে রাখা কাটা গাছ সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ পদক্ষেপ নেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, গভীর রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মারফত গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আলীপুরা নামক স্থানে মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু দুষ্কৃতকারী গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করেছে।
সংবাদ পাওয়া মাত্রই গজারিয়া ফায়ার স্টেশনের একদল কর্মী প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ অকুস্থলে রওনা হয়। তারা দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকা গাছগুলো কেটে ও সরিয়ে দিয়ে সড়কটি পরিষ্কার করেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ক্ষিপ্র ও কার্যকর অভিযানের ফলে মহাসড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যেকোনো জরুরি পরিস্থিতিতে ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সেবার জন্য ১০২ হটলাইন নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন তিনি।
১২৭ বার পড়া হয়েছে