গোপালগঞ্জে দিনভর সহিংসতার পর রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতির পর গোপালগঞ্জে থামতে শুরু করেছে সহিংসতা। রাত থেকে নতুন কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও মহাসড়কে গাছ ফেলে রাখা ও থানা ভবনে অগ্নিসংযোগের কারণে চরম স্থবিরতা বিরাজ করছে। জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে বিজিবিসহ বিপুল আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গতকাল রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে সকাল পর্যন্ত আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠনগুলোর কোনো মিছিল কিংবা ভাঙচুরের ঘটনা ঘটেনি। শহরের ওষুধের দোকান ও খাবারের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রাস্তায় কেবল কিছু রিকশা ও ইজিবাইক চললেও সাধারণ মানুষের চলাচল ছিল চোখে পড়ার মতো কম। জরুরি কাজ ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেন না।
সহিংসতার জেরে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলার কারণে দেশের অন্যান্য জেলার সঙ্গে গোপালগঞ্জের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে যাত্রী ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
এদিকে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। অগ্নিকাণ্ডে থানা প্রাঙ্গণে থাকা অন্তত ৩০টি যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে। তবে থানা দুটি থেকে কী পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে, তার সঠিক হিসাব এখনও তৈরি করা সম্ভব হয়নি।
সহিংসতা চলাকালে স্থানীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ডা. কে এম বাবর ও এস এম জিলানীর বাসভবন এবং ব্যক্তিগত ক্লিনিকে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় এবং বিএনপি-জামাআত নেতাকর্মীদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলাজুড়ে ২৭ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন আনসারসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছে।
১৪৩ বার পড়া হয়েছে