রূপসায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার রূপসায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার মূল ফটক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে হামলার প্রতিবাদ জানিয়ে সেখানে বিক্ষোভ মিছিল করেছে রূপসা উপজেলা বিএনপি।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপসা সদরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখাটিতে এই হামলা চালানো হয়। মোটরসাইকেলে এসে দুইজন দুর্বৃত্ত গতি কমিয়ে ব্যাংকের প্রধান ফটকে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে মুহূর্তে পালিয়ে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, ঘটনার সময় কাছেই পুলিশের টহল দল অবস্থান করায় দুর্বৃত্তরা কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারেনি। ফলে ব্যাংকের ভবন বা ব্যাংকিং কার্যক্রমে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে হামলাকারীদের চিহ্নিত করতে অভিযান শুরু করেছে পুলিশ।
এদিকে ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় বিএনপি। বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে অবিলম্বে দুষ্কৃতীদের আইনের আওতায় আনার দাবি জানান নেতারা।
১০৭ বার পড়া হয়েছে