সর্বশেষ

সারাদেশ

মোংলায় আটকে সাড়ে ৪শ' কোটি টাকার পণ্য, বিপুল রাজস্ব হারানোর শঙ্কা

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হাউসে প্রায় দেড় বছর ধরে নিলাম কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিতে পড়ে আছে প্রায় সাড়ে ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা মূল্যের আমদানি করা পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে ২৫০টি বিলাসবহুল গাড়ি, ২০০টির বেশি কনটেইনারভর্তি বিদেশি পণ্য এবং ভারী শিল্পকারখানার যন্ত্রপাতি। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় অনেক পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বাড়ছে পণ্যজট, ব্যাহত হচ্ছে বন্দর কার্যক্রম এবং সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

মোংলা কাস্টমস হাউসে দীর্ঘদিন ধরে নিলাম কার্যক্রম বন্ধ থাকায় বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিতে আমদানি করা পণ্যের স্তূপ জমেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে জাপান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রায় ২৫০টি নামীদামি ব্র্যান্ডের গাড়ি। দীর্ঘদিন রোদ-বৃষ্টিতে পড়ে থাকায় গাড়িগুলো নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ছাড়া ২০০টির বেশি কনটেইনারে রয়েছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্য। এর মধ্যে ৬০টি কনটেইনারে গ্যাস সিলিন্ডার, ৩৩টি কনটেইনারে উন্নত মানের কাগজ এবং ১০টি কনটেইনারে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে। পাশাপাশি রয়েছে অন্যান্য পণ্য ও যন্ত্রপাতি। বন্দরের জেটিতে পড়ে রয়েছে দুটি ড্রেজার এবং বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি ও শিল্পকারখানার যন্ত্রাংশ। দীর্ঘদিন পড়ে থাকায় এসব যন্ত্রপাতিতেও পলি ও মরিচা জমছে।

কাস্টমস ও বন্দরসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আটকে থাকা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩৫০ কোটি থেকে ৪০০ কোটি টাকা। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত নিলামের ব্যবস্থা না হলে এসব পণ্যের বড় একটি অংশের মূল্য কমে যাবে।

আমদানি ও কাস্টমস আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো পণ্য আমদানির পর নির্ধারিত সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ করে তা খালাস করতে হয়। বন্দর জেটিতে পণ্যের ইনভেন্টরি সম্পন্ন হওয়ার পর আমদানিকারকেরা সর্বোচ্চ ৩০ দিন সময় পান। এই সময়ের মধ্যে পণ্য খালাস না করলে তা কাস্টমসের অনুকূলে চলে যায় এবং নিলামযোগ্য হিসেবে বিবেচিত হয়।

আইনের বিধান অনুযায়ী, কাস্টমস কর্তৃপক্ষকে প্রতি মাসে নিয়মিতভাবে অন্তত একটি বা দুটি নিলামের আয়োজন করতে হয়। নিলামের মাধ্যমে বিক্রি করা পণ্যের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নিয়ম রয়েছে। তবে মোংলা কাস্টমস হাউসে দীর্ঘদিন ধরে এই নিয়মের বাস্তবায়ন নেই বলে অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নামমাত্র একটি নিলাম অনুষ্ঠিত হয়েছিল। পরে ওই বছরের ১২ অক্টোবর বড় পরিসরে আরেকটি নিলামের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু মামলা-সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত সেই উদ্যোগও বাস্তবায়িত হয়নি। এরপর থেকে নিলাম কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, নিলাম কার্যক্রম বন্ধ থাকার পেছনে শুধু মামলার জটিলতা নয়, কাস্টমস কর্তৃপক্ষের ধীরগতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে একটি সিন্ডিকেটের যোগসাজশও দায়ী। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

তাঁদের মতে, নিলাম বন্ধ থাকায় বন্দরের জেটি ও ইয়ার্ডে পণ্যজট বাড়ছে। এতে নতুন পণ্য ওঠানো-নামানো এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতির প্রতিকার চেয়ে ব্যবসায়ীরা কাস্টমস কমিশনারের কাছে একাধিক লিখিত আবেদনও জমা দিয়েছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশ তাঁরা।

মোংলা বন্দর স্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দ্রুত নিলাম কার্যক্রম শুরু করা না হলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় বাড়বে। একই সঙ্গে বন্দর এলাকার পরিবেশ ও শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হবে। তাঁরা অবিলম্বে এই অচলাবস্থা নিরসনের দাবি জানান।

এ বিষয়ে নবনিযুক্ত মোংলা কাস্টমস কমিশনার মো. গিয়াস কামাল বলেন, আগে বিভিন্ন কারণে যেসব পণ্য নিলাম করা সম্ভব হয়নি, সেগুলোর কাগজপত্র বর্তমান নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে। সরকারের বিধিমালা পুরোপুরি অনুসরণ করে আগামী দুই মাসের মধ্যে আটকে থাকা সব পণ্য নিলামের আওতায় আনার জন্য জোরালো ব্যবস্থা নেওয়া হবে।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জাতীয় অর্থনীতিতে মোংলা কাস্টমসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গাড়ি আমদানি থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আসে এই বন্দর দিয়ে। পরিসংখ্যান অনুযায়ী, বিদেশ থেকে বাংলাদেশে আমদানি করা মোট গাড়ির প্রায় ৭০ শতাংশই মোংলা বন্দর দিয়ে খালাস হয়।

তাঁদের মতে, দেশের গুরুত্বপূর্ণ এই বন্দরে শত শত গাড়ি ও বিপুল পরিমাণ পণ্য আটকে থাকায় একদিকে যেমন রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সামগ্রিক বাণিজ্য কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত আইনি জটিলতা নিরসন করে নিলাম কার্যক্রম চালু করা না হলে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনেও বড় ধরনের বাধা তৈরি হতে পারে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০