সর্বশেষ

সারাদেশ

সন্ত্রাস প্রতিরোধে জনগণকে নিয়ে রাজপথে থাকার ঘোষণা রিজভীর

শিকদার খালিদ, যশোর
শিকদার খালিদ, যশোর

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সন্ত্রাস, নাশকতা ও হত্যাকাণ্ড প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের প্রতিটি পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় বিএনপির সমর্থন রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের প্রতিহত করা হবে এবং বেআইনি কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো শেষ হয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৪শ শিশু-কিশোরকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে না পেরে তারা পালিয়ে গেলেও পার্শ্ববর্তী দেশে অবস্থান করে আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। তারা মানুষ হত্যা, পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি নড়াইলের কালিয়ায় দুজনকে এবং ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। এসব ঘটনা থেকে বোঝা যায়, তাদের মানুষ হত্যা ও সহিংসতার প্রবণতা এখনো শেষ হয়নি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার দৃঢ়তার সঙ্গে সন্ত্রাস দমনে ব্যবস্থা নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধৈর্যের সীমা অতিক্রম করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইনশা আল্লাহ, সেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজপথ কিংবা মেঠোপথ—কোনোটিই ছেড়ে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নিতে বলা হবে। যাতে আর কোনো মানুষ হত্যার শিকার না হন এবং কারও বাড়িঘর কিংবা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা না ঘটে।

দেশে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখাই বিএনপির লক্ষ্য বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, এমন একটি দেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক নাগরিক নির্বিঘ্নে ও নির্ভয়ে চলাফেরা করতে পারবেন এবং সংবিধান অনুযায়ী সবার স্বাধীনতা নিশ্চিত হবে।

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সুনামের সঙ্গে দেশ পরিচালনা করছে দাবি করে রিজভী বলেন, এখন আর সোনালী ব্যাংক কিংবা বেসিক ব্যাংকের অর্থ লুটপাট ও পাচারের অভিযোগ শোনা যাচ্ছে না। ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, মন্ত্রী কিংবা নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যের জমি দখল করে বিত্তবৈভবের মালিক হওয়ার অভিযোগও উঠছে না।

তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে ভয় ও ত্রাসের যে পরিবেশ ছিল, তা এখন নেই। বিরোধী দল কিংবা ভিন্নমতের মানুষের পক্ষ থেকেও বর্তমান সরকারের বিরুদ্ধে গুম, খুন বা ক্রসফায়ারের সংস্কৃতি চালুর অভিযোগ উঠছে না। এমন গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি, অঙ্গসংগঠন ও সমমনা রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে।

রিজভী বলেন, ওই আন্দোলনে কেউ সন্তান হারিয়েছেন, কেউ পিতা হারিয়েছেন, আবার কেউ সন্তান ও পিতা দুজনকেই হারিয়েছেন। অনেকের মরদেহ পাওয়া গেছে খালের ধারে কিংবা নদীর পাড়ে। শীতলক্ষ্যা নদীর তীরে সাতটি মরদেহ ভেসে ওঠার ঘটনাও ঘটেছে। বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, যেখানে মানুষ ভয়হীনভাবে চলাফেরা করতে পারবেন এবং প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তবে সনদের কয়েকটি বিষয়ে দলের আপত্তি রয়েছে। সেগুলো নিষ্পত্তির জন্য সংসদে বিরোধী দলের নেতাদের আলোচনায় ডাকা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়গুলোর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিজভী আরও বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশ চায়। ভয়ংকর দুঃশাসনের অবসান ঘটাতে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করতে হয়েছে। সেই আন্দোলনে নিষ্পাপ শিশু থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছেন। পরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে।

বর্তমান সরকারকে জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ড।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, সারিবা নাজমুলসহ স্থানীয় নেতারা।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০