রোহিঙ্গা গণহত্যার রায়ে সন্তুষ্ট বাংলাদেশ
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক ইতিহাসে গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এমন নিন্দা জানানোর ঘটনা এই প্রথম।
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এর ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং এতে সন্তুষ্ট।’
হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে অধিকারের এমন গুরুতর লঙ্ঘনের ঘটনায় কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের নিন্দা জানানোর ঘটনা প্রথম।
তিনি আরও বলেন, এই রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণের বিষয়টিও উঠে এসেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক ফলাফলের সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে বাংলাদেশের জন্যও রায়টি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক।
রোহিঙ্গা সংকটের সমাধানে ভবিষ্যতে কীভাবে এগিয়ে যাওয়া হবে, সে ক্ষেত্রেও আইসিজের এই রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, রায়ের বিস্তারিত বিষয় আগামীকাল শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরা হবে।
১০৭ বার পড়া হয়েছে