ফরিদপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে তাঁরা মহাসড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেন।
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকাসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরকান্দা উপজেলাসহ জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতি দেখা যায়। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও তা উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যান তাঁরা।
দলীয় নেতা-কর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও সংঘাতমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা মাঠে অবস্থান করছেন। সকাল থেকেই বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহাসড়কে শোডাউন করেন তাঁরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে সতর্ক নজরদারি চালান।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা দিন-রাত প্রস্তুত রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
১২৭ বার পড়া হয়েছে